ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লাইয়েন জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংহতি জোরদার করাই হবে তাঁর আগামী ১৬ সেপ্টেম্বর স্ট্রাসবুর্গে অনুষ্ঠেয় 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণের অন্যতম প্রধান বিষয়।
সোমবার ইউরোপীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শনকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ভন ডার লাইয়েন। তাঁর সঙ্গে ছিলেন সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজা লাহবিব।
ভন ডার লাইয়েন বলেন, ‘ইউরোপীয় জরুরি সহায়তা সমন্বয়কেন্দ্রে প্রতিদিন যেসব কার্যক্রম পরিচালিত হয়, সেটিই ইউরোপীয় সংহতির বাস্তব উদাহরণ।’ তিনি আরও জানান, বন-আগুন, ভূমিকম্প, বন্যা, স্বাস্থ্যসংক্রান্ত জরুরি অবস্থা এবং বিভিন্ন হাইব্রিড হামলা—সবকিছুই আগের তুলনায় আরও ঘন ঘন, জটিল ও ব্যাপক আকার ধারণ করছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এসব পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বছর অগ্নিকাণ্ডের মৌসুম স্বাভাবিকের চেয়ে অনেক আগে, এপ্রিলেই শুরু হয়েছে। নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানিসহ ইউরোপের উত্তরাঞ্চলে আগুনের ভয়াবহতা দেখা গেছে। এ পর্যন্ত ছয় লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে এবং সংকটে পড়া সদস্য দেশগুলোর সহায়তায় ইউরোপীয় সিভিল প্রটেকশন মেকানিজম ১০ বার সক্রিয় করা হয়েছে।
কমিশনার হাজা লাহবিব বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় সংহতি আরও দৃঢ় করা অপরিহার্য। তিনি জানান, ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত পরবর্তী দীর্ঘমেয়াদি বাজেটে ইউরোপের সিভিল প্রটেকশন ও স্বাস্থ্য জরুরি ব্যবস্থা খাতে প্রায় ১১ বিলিয়ন ইউরো বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, সদস্য দেশগুলোর মধ্যে আলোচনার পর চূড়ান্ত বরাদ্দ কত হবে, তা এখনও স্পষ্ট নয়।
ভন ডার লাইয়েন তাঁর কেন্দ্র পরিদর্শনকে আসন্ন রাজনৈতিক ইভেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি বলে উল্লেখ করেছেন।
