সম্প্রতি প্রকাশিত এক জরিপের তথ্য অনুযায়ী, ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়ান কর্মীরা প্রতিদিন কর্মস্থলে যাতায়াতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন। মানবসম্পদ সংস্থা এসডি ওয়ারক্সের প্রতিবেদনে দেখা যায়, বেলজিয়ায় কর্মীদের দৈনিক যাতায়াতে গড়ে ৬১ মিনিট সময় লাগে, যা ইউরোপের মধ্যে সর্বাধিক। এই সময় এক ঘণ্টার সীমানাও অতিক্রম করেছে এবং কর্মীদের জন্য মানসিকভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত ৫৭ মিনিটের গড় সময়সীমারও বেশি।
জরিপে অংশগ্রহণকারী বেলজিয়ানদের ১৩ শতাংশেরও বেশি প্রতিদিন দুই ঘণ্টারও বেশি সময় পথে থাকেন। তবে, দীর্ঘ পথ পাড়ি দিলেও ৪১ শতাংশ বেলজিয়ান কর্মী এই যাতায়াতকে নিজের জন্য কোনো বাড়তি বোঝা বলে মনে করেন না। প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ ভেরলে মিশিয়েলসের মতে, অধিকাংশ কর্মী তাঁদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ হিসেবেই দীর্ঘ যাতায়াতকে গ্রহণ করেছেন। যদিও তৃতীয়াংশ কর্মী এ নিয়ে উল্লেখযোগ্য অসন্তোষ প্রকাশ করেছেন।
পরিসংখ্যানে আরও দেখা যায়, পুরুষ কর্মীরা দিনে গড়ে ৬৫ মিনিট এবং নারীরা ৫৬ মিনিট কর্মস্থলের পথে সময় কাটান। ১০০ কিলোমিটারেরও বেশি রাস্তা পাড়ি দেন এমন পুরুষের হার ২৩ শতাংশ, যা নারীদের তুলনায় দ্বিগুণ।
এদিকে, ইউরোপের অন্যান্য দেশের চিত্রও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। সুইডেনে গড় যাতায়াত সময় ৫৭ মিনিট, আয়ারল্যান্ডে ৫৬ মিনিট, অথচ স্লোভেনিয়ায় মাত্র ৩২ মিনিট এবং ইতালিতে ৩৫ মিনিট। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যক্তিগত চাহিদা, বসবাসের স্থান ও জীবনের পর্বভেদে কর্মীদের প্রত্যাশার পার্থক্য সৃষ্টি হয়। একইসঙ্গে, হাইব্রিড বা নমনীয় কর্মপদ্ধতি ও পরিবহনের নানা সুযোগ থাকলে কর্মজীবীদের কাছে প্রতিষ্ঠান আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
