বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে উইভার জানিয়েছেন, দেশের ফেডারেল সরকার ২০২৯ সালের মধ্যে প্রায় ১০ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা করেছে। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, এই বাজেট সাশ্রয় পরিকল্পনা নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

ডে উইভার আরও বলেন, বাজেট ঘাটতি কমাতে সরকার বিভিন্ন খাতে খরচ কমানোর উপায় খুঁজছে। তার মতে, সমাজের সবাই প্রত্যাশা করেন অন্য কেউ সাশ্রয়ের বোঝা বহন করবে। সাধারণত রাজস্ব বৃদ্ধির প্রস্তাব আসলে ধনী শ্রেণিকে লক্ষ্যবস্তু করা হয়, তবে যেসব পদক্ষেপ নেওয়া হবে, তাতে পুরো সমাজই কমবেশি প্রভাবিত হবে বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী জানান, বেলজিয়ামের সামনের চ্যালেঞ্জগুলো অত্যন্ত গুরুতর এবং জনগণের আরও মিতব্যয়ী হতে প্রস্তুত থাকা দরকার। শুধু বেলজিয়াম নয়, পুরো ইউরোপই কঠিন সময় পার করছে বলেও উল্লেখ করেন ডে উইভার। বর্তমানে দেশের বাজেট ঘাটতির পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশেরও বেশি এবং সরকারি ঋণের পরিমাণ জিডিপির ১০০ শতাংশ ছাড়িয়ে গেছে। এসব সংকট সামাল দিতে ফেডারেল সরকার পঞ্চবার্ষিক সাশ্রয় পরিকল্পনা নিচ্ছে।