বেলজিয়ামে ২০২৫ সালে ধর্মঘটের সংখ্যা ও অংশগ্রহণের ক্ষেত্রে ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ট্রেড ইউনিয়ন ইনস্টিটিউটের (ইটিয়ু) সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে দেশটিতে মোট ১৩ লাখ ৫৪ হাজার ৮৪৫ ধর্মঘট দিবস পালিত হয়েছে, যা কর্মসংখ্যার অনুপাতে প্রতি হাজার কর্মী হিসেবে ৩১৩ দিন ধর্মঘটে কেটেছে। এই সংখ্যা ১৯৯৩ সালের পূর্বের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এদিকে চলতি বছরে ধর্মঘটে অংশগ্রহণকারীর সংখ্যা ৮ লাখ ২০ হাজার ৯১৭-এ পৌঁছে, যা দেশটির জন্যও একটি ঐতিহাসিক ঘটনা।
সরকারপ্রধান বার্ট দে উইভারের নীতিমালা এবং কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন শ্রমিক সংগঠন ব্যপকভাবে এসব ধর্মঘট ও বিক্ষোভের ডাক দেয়। ইটিয়ু-র গবেষক কার্ত ফানদালে বলেন, এক বছরে ১০ লাখেরও বেশি ধর্মঘট দিবস বেলজিয়ামের ইতিহাসে অভূতপূর্ব। তাঁর মতে, বিগত যে কোনো সময়ের তুলনায় এবার ধর্মঘট প্রায় সব সেক্টর ও অঞ্চলে রেকর্ড ছাড়িয়েছে। প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে ধর্মঘট বছরব্যাপী বিরতিহীনভাবে চলেছে, যেখানে পূর্বের ধর্মঘটগুলো সাধারণত বছরের নির্দিষ্ট কয়েক মাসে কেন্দ্রীভূত থাকত।
ধর্মঘটের ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে শিক্ষাখাতে, যেখানে মোট ধর্মঘট দিবসের প্রায় ৩১ শতাংশ সংঘটিত হয়েছে। সরকারি খাতেও মোট ধর্মঘট দিবসের অর্ধেকের বেশি উল্লেখযোগ্যভাবে পালিত হয়েছে। এছাড়া বেসরকারি খাতের খাদ্য, রসায়ন, পেট্রোল, পরিবহন ও সামাজিক সেবাখাতে ব্যতিক্রমধর্মী উচ্চসংখ্যক ধর্মঘট দেখা গেছে।
এছাড়া ভৌগোলিক পার্থক্য ছিল স্পষ্ট। ভ্যালোন অঞ্চলে প্রতি হাজার কর্মীর বিপরীতে ৪৯৯টি, ব্রাসেলসে ৪৫৬টি এবং ফ্লেমিশ অঞ্চলে ১৯২টি ধর্মঘট দিবস পালন হয়েছে। গবেষক ফানদালে বলেন, ফ্লেমিশ অঞ্চলেও মোট ৫ লাখের বেশি ধর্মঘট দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন।
