জার্মানিতে সম্প্রতি নিজেকে পুলিশের পরিচয়ে পরিচয় দিয়ে যেসব প্রতারক অর্থ হাতিয়ে নিচ্ছে, সে ধরনের ঘটনার সংখ্যা এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির ফেডারেল অপরাধ দপ্তরের প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে এ ধরনের প্রতারণার কারণে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৫ মিলিয়ন ইউরো। আগের বছর এ ক্ষতির পরিমাণ ছিল ৩০ দশমিক ১ মিলিয়ন ইউরো এবং ঘটনার সংখ্যা ছিল ৩ হাজার ৯৪৬টি, যা পরের বছর বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৪৬টিতে।

পরিসংখ্যানে আরও দেখা যায়, 'নাতি সেজে' প্রতারণা বা 'আকস্মিক সংকটের ফোন' কৌশলে ২০২৫ সালে প্রায় ৪৯ মিলিয়ন ইউরো আত্মসাৎ করা হয়েছে। আগের বছর এই পরিমাণ ছিল ৪৬ দশমিক ৪ মিলিয়ন ইউরো। তবে, এমন ঘটনার সংখ্যা কিছুটা কমে ৬ হাজার ৬৫৮ থেকে ৪ হাজার ৭৯৮-এ নেমে এসেছে। প্রতারকরা বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ, চিকিৎসক বা সরকারি কৌঁসুলির পরিচয়ে জরুরি পরিস্থিতির কথা বলে মানুষের কাছে অর্থ বা মূল্যবান সামগ্রী পাঠাতে বলেন।

বিশেষজ্ঞরা জানান, এই প্রতারকেরা ফোন কিংবা সরাসরি সাক্ষাতে শিকারদের মানসিক চাপে ফেলে কল্পিত কাহিনি বলে বিশ্বাস অর্জনের চেষ্টা করেন। পুলিশ কর্তৃপক্ষ নাগরিকদের এসব কৌশলের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং স্পষ্ট করেছে, কোনো সরকারি সংস্থা কখনো এভাবে কারও কাছ থেকে অর্থ বা মূল্যবান কিছু দাবী করে না।