বেলজিয়াম সরকার অনলাইনে ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতামূলক একটি নতুন প্রচারণা শুরু করতে যাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে যৌথভাবে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্যোগটির মূল লক্ষ্য হলো, তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং অনলাইন ঘৃণা বা বৈষম্যমূলক বক্তব্য দ্রুত ও কার্যকরভাবে রিপোর্ট করতে উৎসাহিত করা।

বেলজিয়ামের বিচার ও সমতা বিষয়ক মন্ত্রী রব বেন্ডার্স বলেন, "তরুণদের কাছে পৌঁছাতে সরকারকে আরও আধুনিক ও উপযোগী পন্থা নিতে হবে।" স্টান্ডার্ড নামের সংবাদমাধ্যমকে তিনি আরও জানান, এ ধরনের প্রচারণা অব্যাহত রাখার অংশ হিসেবে এক মাস আগে টেলিকম সংক্রান্ত মধ্যস্থতাকারী সংস্থার ক্ষমতা বাড়ানো হয়েছে। এর ফলে, অনলাইনে নিপীড়নের শিকার ব্যক্তি প্রয়োজনে অভিযুক্তের পরিচয় জানার সুযোগ পাবেন।

মন্ত্রী বেন্ডার্স আরও বলেন, অনলাইনে ঘৃণা ছড়ানো ব্যক্তিদের আর পার পাওয়ার সুযোগ নেই। তিনি জানান, প্রচারণায় অংশ নেওয়া ইনফ্লুয়েন্সাররা তরুণদের অনলাইন ঘৃণামূলক বক্তব্য চেনা ও রিপোর্ট করার উপায় সম্পর্কে দিকনির্দেশনা দেবেন। মন্ত্রী আরও মন্তব্য করেন, প্রচলিত সরকারি প্রচারণা তরুণদের কাছে তেমন প্রভাব ফেলতে পারছে না। তাই সোশ্যাল মিডিয়া তারকাদের মাধ্যমে উদ্যোগটি নেওয়া হয়েছে। এ কার্যক্রমের জন্য সরকার ৩৩ হাজার ৩৯৬ ইউরো বাজেট বরাদ্দ করেছে।