কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্রুত বিকাশের ফলে সাইবার নিরাপত্তা খাতে নতুন নতুন হুমকি দেখা দিয়েছে। নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নানা টুল, সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত ও তা কাজে লাগানোর প্রক্রিয়া অনেকটাই দ্রুততর করছে। যে কাজ আগে কয়েকদিন সময় নিত, এখন তা কয়েক ঘণ্টার মধ্যেই শেষ করা যাচ্ছে। অনেকের আশঙ্কা, ভবিষ্যতে এ সময় আরও কমে কয়েক মিনিটে নেমে আসতে পারে।
নেদারল্যান্ডসের দুইটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান, হ্যাড্রিয়ান ও আইএসএলই পরিচালিত গবেষণায় দেখা গেছে, অল্প ব্যয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহার করে সরকারি ওয়েবসাইটের সোর্সকোড বিশ্লেষণ করে শত শত নিরাপত্তাজনিত দুর্বলতা খুঁজে বের করা যায়। গবেষকরা জানিয়েছেন, পুরোনো সফটওয়্যার ও অনিয়মিতভাবে আপডেট না হওয়া সিস্টেমগুলো এ ঝুঁকিতে বেশি পড়ছে। নেদারল্যান্ডস জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের তথ্য অনুযায়ী, সরকারি বিভিন্ন সংস্থাকে তাদের প্রতিরক্ষামূলক কৌশল নতুন করে সাজাতে হবে।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে নিরাপত্তা ঝুঁকি শনাক্ত, সংস্কার এবং নজরদারির জন্য আগের চেয়ে অনেক দ্রুত পদক্ষেপ নিতে হবে। ডিজিটালাইজেশনের কারণেই দেশটিতে নতুন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সতর্ক করে বলছে, আগামী দিনে সাইবার হামলার ঘটনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে শক্তিশালী সাইবার প্রতিরক্ষার জন্য প্রযুক্তিতে বেশি বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।
