বেলজিয়ামে ২০২২ সালে অতিরিক্ত ওজনজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। দেশটির স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান সায়েনসানোর সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই বছরে অতিরিক্ত ওজনের কারণে ৯ হাজার ৫০৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর হিসাবে এটি ৮ দশমিক ২ শতাংশ, যা দেশটিতে এই বিষয়ে প্রথমবারের মতো বিশদ তথ্য দিয়ে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হৃদরোগ, ডিমেনশিয়া (যার মধ্যে অ্যালঝেইমারও রয়েছে), দীর্ঘমেয়াদি কিডনি রোগ এবং অন্ত্রের ক্যানসারের মতো রোগের জেরে বেশিরভাগ মৃত্যু হয়েছে। বিশেষত ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে অতিরিক্ত ওজনজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্য পর্যায়ে বেড়েছে। সাধারণভাবে পুরুষরা এখানে বেশি ঝুঁকিতে হলেও, ৮৫ বছরের ঊর্ধ্বে নারী মৃত্যুর হার তুলনামূলক বেশি। বিশেষজ্ঞদের মতে, নারীরা সাধারণত বেশি দিন বাঁচে বলেই এই পার্থক্য দেখা যাচ্ছে।

এদিকে অঞ্চলভেদে দেখা গেছে, ভ্যালোন অঞ্চলে প্রতি লাখে ৯৫ দশমিক ২১টি মৃত্যু হচ্ছে। ব্রাসেলসে এই সংখ্যা ৮৫ এবং ফ্লেমিশ অঞ্চলে তা ৭৩ দশমিক ৬০, অর্থাৎ তুলনামূলকভাবে ফ্লেমিশ অঞ্চলে মৃত্যু কম। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যালোন এবং ব্রাসেলস অঞ্চলে অতিরিক্ত ওজনের কারণে মৃত্যুর হার স্পষ্টতই বেশি।