গ্রীষ্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্পেনের উপকূলজুড়ে নিরাপত্তা বাহিনী সাগরে বিরল ও বিপজ্জনক প্রাণীর উপস্থিতি নিয়ে সাবধানবার্তা জারি করছে। সাম্প্রতিক সময়ে দেশটির উত্তরের উপকূল বিশেষভাবে আতঙ্কে রয়েছে, কারণ সেখানে ব্যাপক হারে দেখা মিলেছে এক ধরনের বিষাক্ত জেলিফিশের, যা সাধারণভাবে ‘প্রাণঘাতী জেলিফিশ’ নামে পরিচিত।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে স্পেনের বাস্ক অঞ্চলের সেন্ট-সেবাস্তিয়ানসহ আশপাশের এলাকায়। স্থানীয় প্রশাসন কিছু সৈকত সাময়িকভাবে বন্ধ রেখেছে এবং সাগরে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু সেন্ট-সেবাস্তিয়ানের সৈকতে একদিনেই এই প্রাণীর আক্রমণে প্রায় ১২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আকস্মিকভাবে এসব জেলিফিশের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য দায়ী হচ্ছে উত্তর-পূর্ব দিকের বাতাস ও সমুদ্রের তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি।

ফ্রান্সের আটলান্টিক উপকূলেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির ব্রেটানি ও ল্যান্ডস অঞ্চলের সৈকতে এই বিষাক্ত জেলিফিশের দর্শন মিলছে ব্যাপকভাবে। এসব অঞ্চলেও সাঁতার কাটা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এসব বিষাক্ত জেলিফিশ সমুদ্রে ভেসে থাকুক কিংবা মৃত অবস্থায় তীরে ভেসে আসুক, কোনওভাবেই স্পর্শ করা উচিত নয়। কারণ, এদের সংস্পর্শে এলেই গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।