নেদারল্যান্ডসের কর্মজীবী সহায়তা সংস্থা সম্প্রতি জানিয়েছে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণে ওয়িআইএ (WIA) ভাতা পেয়েছেন—এমন হাজার হাজার কর্মীর ভাতার হিসাব-নিকাশে ভুল হয়েছে। ওই সময়ে কিছু কর্মী তাদের পাওনার তুলনায় বেশি বা কম পরিমাণ অর্থ পেয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
প্রায় ২ লাখ ২০ হাজার দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করে সংস্থা জানিয়েছে, অন্তত ৪৩ হাজার ক্ষেত্রে এমন অনিয়ম থাকতে পারে। তবে এখনো নির্ভুলভাবে জানা যায়নি, কতজন ঠিক কত পরিমাণ বেশি কিংবা কম অর্থ পেয়েছেন। সংশোধন কার্যক্রম ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং এই কার্যক্রম ২০২৭ সাল পর্যন্ত চলার কথা রয়েছে।
প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, যারা মূল পাওনার চেয়ে বেশি অর্থ পেয়েছেন, তাদের কোনো টাকা ফেরত দিতে হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতের ভাতা দুই মাস পর সঠিক অঙ্কে নির্ধারণ করে দেয়া হবে। অন্যদিকে, যারা কম টাকা পেয়েছেন, তাঁদের একবারে সব বকেয়া দেয়া হবে এবং অতঃপর নির্ধারিত মাসিক ভাতা অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এর ফলে কোনো ব্যক্তির সামাজিক নিরাপত্তা সুবিধা ক্ষতিগ্রস্ত হবে না—এ বিষয়ে তারা সতর্ক থাকবে।
এদিকে, ওয়িআইএ ভাতার ভূক্তভোগীদের জন্য অতিরিক্ত কোনো ক্ষতিপূরণ দেয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের আর্থিক সংকোচন পরিকল্পনার অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা খাতে আনুমানিক ৬.৫ বিলিয়ন ইউরো সাশ্রয়ী হওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। এই পরিকল্পনার আওতায় ওয়িআইএসহ স্থায়ীভাবে অক্ষমদের (আইভিএ) ভাতায়ও পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, জটিল কাঠামোর কারণেই এসব ভুল হয়ে আসছে।
