জুলাই মাসে জার্মানিতে বেকারের সংখ্যা বেড়ে ৩০ লাখ ৭ হাজারে দাঁড়িয়েছে। দেশটির ফেডারেল কর্মসংস্থান সংস্থার (বিএএ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের মাসের তুলনায় বেকার বেড়েছে ৭১ হাজার। এ সময়ে দেশের সামগ্রিক বেকারত্বের হার ০.২ শতাংশ পয়েন্ট বেড়ে ৬.৪ শতাংশে উন্নীত হয়েছে।
কর্মসংস্থান অফিস জানিয়েছে, শ্রমবাজারে দুর্বলতা অব্যাহত রয়েছে। এতে নতুন চাকরির সুযোগ ও পেশাগত প্রশিক্ষণের আসন কমে গেছে। সংস্থাটির পরিচালনা পরিষদের সদস্য ড্যানিয়েল তেরজেনবাখ জানান, মৌসুমি কারণে বেকারত্ব বেড়েছে ঠিকই, তবে সাম্প্রতিক মাসগুলোতে শ্রমবাজারে দুর্বল প্রবণতা স্পষ্ট।
জুলাইয়ে সংস্থাটিতে তালিকাভুক্ত খালি পদ ছিল ৬ লাখ ৫৩ হাজার, যা থেকে বোঝা যায়, নিয়োগদাতারাও নতুন কর্মী নিয়োগে আগ্রহ দেখাচ্ছে না।
এছাড়া বর্তমানে জার্মানিতে প্রায় ১১ লাখ ৮ হাজার মানুষ বেকারত্বভাতা পাচ্ছেন বলে জানানো হয়েছে।
যারা কর্মক্ষম ও নাগরিক সহায়তা ভাতা (বুর্গারগেল্ড) নিচ্ছেন, তাদের সংখ্যা গত বছরের তুলনায় ১ লাখ ২১ হাজার কমে দাঁড়িয়েছে ৩৭ লাখ ৭৫ হাজারে।
পেশাগত শিক্ষাবাজারেও কিছু পরিবর্তন এসেছে। চলতি বছর ইন্টার্নশিপ ও শিক্ষানবিশিতে আবেদনকারী তরুণের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ১৮ হাজার। তবে নিয়োগদাতারা গত বছরের তুলনায় ৩৫ হাজার কম প্রশিক্ষণ আসন দিয়েছে, বর্তমানে আসন সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার।
