ইউরোপীয় কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত গড়ে পেট্রোলের প্রতি লিটার দাম হয়েছে ২ দশমিক ০৬৩ ইউরো এবং ডিজেলের দাম হয়েছে ২ দশমিক ১৫৯ ইউরো। এর ফলে ৫০ লিটারের একটি ট্যাঙ্ক পূরণ করতে পেট্রোলের জন্য খরচ হচ্ছে প্রায় ১০৩ ইউরো এবং ডিজেলের জন্য ১০৮ ইউরো।
বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে রয়েছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির সরবরাহে বিঘ্ন ঘটানো এবং রিফাইনারি মুনাফার বৃদ্ধির মতো বিষয়সমূহ। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ইউরোজোনে জ্বালানি তেলের কারণে মূল্যস্ফীতি জুলাই মাসে ছিল ১০ দশমিক ৩ শতাংশ, যা অগস্টে বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩ শতাংশে। এ বছরের শুরু থেকে পেট্রোলের দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ এবং ডিজেল ৪০ শতাংশের কাছাকাছি।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বিশেষজ্ঞদের ধারণা, ডিজেলের রিফাইনারি মুনাফা অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জানা যায়, রিফাইনারি মুনাফার কারণে প্রতি লিটারে ডিজেলের দামে ০ দশমিক ৪১ ইউরো যুক্ত হচ্ছে, যা গাড়িচালকদের জন্য মোট মূল্যের ১৯ শতাংশ।
বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম কমাতে হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান, হরমুজ প্রণালী হয়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক এবং বিশ্বব্যাপী রিফাইনারিগুলোর কার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জরুরি।
