১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার সংক্রান্ত কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় কমিশন। শিশুদের শোষণ ও নির্যাতন থেকে সুরক্ষা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রস্তাবিত নিয়মাবলীর আওতায় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট এবং অনলাইন গেমের বিষয়টিও যুক্ত করা হয়েছে।
নতুন নিয়ম অনুসারে, ১৫ বছর ও তার বেশি বয়সী শিশুদের নিজেদের প্রোফাইল পরিচালনার অনুমতি থাকবে। তবে ১৩ ও ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা–শুধুমাত্র অভিভাবকদের মাধ্যমে তৈরি করা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে এবং সেখানে যোগাযোগের সীমা ও দৈনিক এক ঘণ্টা কার্যক্রমের বিধিনিষেধ রাখা হবে। এছাড়া, ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে উন্নত ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এমন ডিজিটাল প্ল্যাটফর্মই কেবল ব্যবহার করা যাবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, বয়সসীমা নির্ধারণ করলেও প্রযুক্তি কোম্পানিগুলো নিজের প্ল্যাটফর্মে প্রকাশিত কনটেন্টের দায় এড়িয়ে যেতে পারবে না। তিনি বলেন, শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য এসব কোম্পানিকে দায়িত্ব নিতে হবে এবং তাদের ইন্টারনেট প্ল্যাটফর্ম নিরাপদ, তা প্রমাণও করতে হবে।
এই নতুন নিয়ম কার্যকরের জন্য ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন হবে।
