বেলজিয়ামের ওষুধ শিল্প ইউরোপের অন্যতম শীর্ষ খাত হিসেবে স্থান ধরে রেখেছে। সম্প্রতি ফার্মাসিউটিক্যাল শিল্পের শীর্ষ সংগঠন ফার্মা.বে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাদের তথ্যমতে, ব্যক্তি প্রতি গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগের দিক থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রথম স্থানেও রয়েছে দেশটি।

২০২৪ সালে বেলজিয়ামে ব্যক্তি প্রতি গবেষণা ও উন্নয়ন বিনিয়োগ পৌঁছেছে ৫০৪.৯ ইউরোতে, যা দ্বিতীয় স্থান পাওয়া ডেনমার্কের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। তবে সংগঠনটির মতে, সামগ্রিকভাবে বেলজিয়ামের এই নেতৃস্থানীয় অবস্থান প্রতিবছর কিছুটা কমে আসছে। গবেষণা ও উন্নয়ন খাতে মোট ৬ বিলিয়ন ইউরো বিনিয়োগ নিয়ে বেলজিয়াম বর্তমানে জার্মানির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে।

শিল্প খাত হিসেবে বায়োফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন, কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও রপ্তানিতেও বেলজিয়াম ইউরোপের শীর্ষ অবস্থানে আছে। তবে ২০২৩ সালের তুলনায় টানা দ্বিতীয় বছর এসব খাতে চাকরির সংখ্যা কমেছে। পাশাপাশি, বায়োফার্মাসিউটিক্যাল পেটেন্টের আবেদন ১৫ দশমিক ৩ শতাংশ এবং রপ্তানি ৬ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

ঘনিয়ে আসা বাজেট আলোচনার প্রেক্ষাপটে ফার্মা.বে কর্তৃপক্ষ সরকারের কাছে আহ্বান জানিয়েছে, বেলজিয়ামকে স্বাস্থ্য ও জীবন বিজ্ঞানে একটি মানদণ্ড নির্ধারণকারী দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি কৌশল নেয়া হোক। সংগঠনটির দাবি, স্বাস্থ্য খাতকে শুধুমাত্র ব্যয় নয়, বরং বিনিয়োগের ক্ষেত্র হিসেবে দেখা উচিত।