জ্বালানি তেলের উচ্চমূল্যের প্রভাব কমাতে একটি নতুন সহায়তা প্যাকেজ নিয়ে সমঝোতায় পৌঁছেছে জার্মানির ক্ষমতাসীন জোট সরকার। এই প্যাকেজে ট্যাংক রিবেট এবং জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণসহ বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়নে প্রাদেশিক সরকারের আর্থিক অংশগ্রহণও বিবেচনায় রাখা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, পেট্রোল ও ডিজেলের ওপর বিদ্যমান কর প্রতিলিটার ১৭ সেন্ট কমানো হবে। এর ঠিক আগে, গত বছরের মে থেকে জুনের শেষ পর্যন্ত একই হারে কর ছাড় দেওয়া হয়েছিল। তবে ছাড় কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সরকারিভাবে ট্যাংক রিবেট ২০২৬ সালের শেষ পর্যন্ত বহাল রাখার চিন্তা-ভাবনা চলছে। এছাড়া জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণের বিষয়েও আলোচনা চলছে, যেখানে লুক্সেমবার্গ ও অস্ট্রিয়ার ব্যবস্থার মডেল অনুসরণের কথা বলছে দেশটির প্রশাসন।
মধ্যপ্রাচ্য সংকটের জেরে সম্প্রতি জার্মানিতে জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দেশটির গাড়ি সংগঠন ADAC-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ডিজেলের প্রতিলিটার দাম বেড়ে দাঁড়িয়েছে ২.৪৭১ ইউরো, যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড। অপরদিকে, Super E10-এর দামে সামান্য কমতি দেখা গেলেও, বুধবার এ দামে টানা রেকর্ড হয়েছে এবং বর্তমানে তা ২.৩০৮ ইউরো। প্রধানমন্ত্রী ফ্রিডরিখ মার্জ সম্প্রতি এই সহায়তা পরিকল্পনার প্রতি সমর্থন জানালেও, তখন বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়নি।
