বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার ৩৭টি দেশে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ মনে করেন, আগামী বছরগুলোতে এআই নতুন কর্মসংস্থান তৈরির পরিবর্তে বিদ্যমান চাকরির সংখ্যা কমিয়ে দেবে। বিশেষ করে তরুণ চাকরিজীবীরা প্রযুক্তি দ্বারা তাদের পেশা হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন।
ইউরোপের দেশগুলোর মধ্যে গ্রীসে এআই-কে কেন্দ্র করে কর্মসংস্থান হ্রাস পাওয়া নিয়ে সর্বোচ্চ উদ্বেগ দেখা যায়। দেশটিতে জরিপে অংশগ্রহণকারীদের ৬৮ শতাংশ মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরির সুযোগ কমবে। আর ১৫ শতাংশ তাদের পেশাগত জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করেন না। মাত্র ৪ শতাংশ অংশগ্রহণকারী মত দিয়েছেন, এআই এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ১৩ শতাংশ কোনো মন্তব্য করেননি বা এ বিষয়ে নিশ্চিত নন।
গবেষণায় দেখা গেছে, উচ্চ আয়ের দেশগুলোতে এআই প্রযুক্তির কর্মসংস্থানের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ তুলনামূলকভাবে বেশি। যেমন—অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে প্রতি সাতজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে অন্তত একজন বিশ্বাস করেন, আগামী দুই দশকে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে উল্লেখযোগ্য হারে মানুষ চাকরি হারাবেন। জরিপটি ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত ৩৬টি দেশে৩ ৪২ হাজার ১৫১ ব্যক্তির অংশগ্রহণে পরিচালিত হয়। এতে যুক্তরাষ্ট্রের জন্য দুটি পৃথক গবেষণার ফলও অন্তর্ভুক্ত হয়েছে।
