বেলজিয়ামে স্বল্প সময়ের জন্য তাপমাত্রা কিছুটা কম থাকলেও ফের নতুন তাপপ্রবাহের আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির রয়্যাল মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট (আইআরএম) জানিয়েছে, ৮ থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশের বেশির ভাগ এলাকায় তাপপ্রবাহ বিরাজ করবে। এই সময় বুধবার পর্যন্ত সারাদেশেই 'হলুদ সতর্কতা' জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা বেশ কয়েকটি অঞ্চলে ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, এবং এর প্রভাব দীর্ঘ সময় স্থায়ী হতে পারে। বিশেষ করে প্রবীণ ব্যক্তি, শিশু এবং অসুস্থ কিংবা দুর্বল স্বাস্থ্যের অধিকারীদের প্রতি বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলেও সপ্তাহান্তে তা পুনরায় ২৫ থেকে ২৯ ডিগ্রি পর্যন্ত উঠেছে। সংস্থাটি জানিয়েছে, রোববার থেকে তাপমাত্রা আবারও ৩০ ডিগ্রি পার করতে পারে এবং কিছু এলাকায় তা ৩২ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। বুধবার এ তাপপ্রবাহ চূড়ায় পৌঁছাতে পারে এবং কোথাও কোথাও তাপমাত্রা ৩৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এটি চলতি গ্রীষ্মের তৃতীয় তাপপ্রবাহ, যা ২০২৬ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কর্তৃপক্ষ সকলকে বেশি করে পানি পান করতে, অকারণে বাইরে বের না হতে এবং সূর্যরশ্মি থেকে যথাসম্ভব সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। বিশেষ করে ভ্যালোন অঞ্চল, ব্রাসেলস ও ফ্লেমিশ অঞ্চলে বসবাসকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।