ফ্রান্সের ভ্যাল-দ'উয়াজ অঞ্চলের গনেস শহরে একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলা একটি গুদামে জালিয়াতি ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। অভিযানে দেশটির জাতীয় পুলিশ, কুকুর ব্যবহারকারী বিশেষ শাখা, রাজস্ব বিভাগ, কাস্টমস কর্মকর্তাসহ স্থানীয় পৌরসভা ও প্রশাসন সক্রিয়ভাবে অংশ নেয়।

অভিযানে তিনটি প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শ্রমিকদের বৈধ ওয়ার্ক পারমিট নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া গুদাম থেকে আইফেল টাওয়ার থিমের ছয় প্যালেট ভুয়া পণ্য এবং এক প্যালেট ইলেকট্রনিক সিগারেট জব্দ করা হয়েছে। এসবের পাশাপাশি, নিয়মবহির্ভূত সিবিডি পণ্যও জব্দ করা হয়েছে।

পরিদর্শনে দেখা গেছে, গুদামে পশুদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছিল। অভিযানে জব্দ সব পণ্য বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়েছে এবং সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিকভাবে বন্ধ করা ও জরিমানা আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুমতি ছাড়া বিদেশি শ্রমিক নিয়োগের অপরাধে সংশ্লিষ্ট প্রতিটি শ্রমিকের জন্য ২১ হাজার ৫০০ ইউরো জরিমানা ধার্য করা হয়েছে। অভিযানের বিষয়ে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।