চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জার্মান অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। জার্মান ফেডারেল পরিসংখ্যান দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি এ সময়ে আগের প্রান্তিকের তুলনায় ০ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এই সময়ে অর্থনীতিতে ০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস ছিল।
প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল রপ্তানি খাত। জার্মান পণ্যের পাশাপাশি সেবাক্ষেত্রের রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা গত প্রান্তিকের তুলনায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে, পারিবারিক ব্যয় এবং সরকারি ব্যয়ে কিছুটা কমতি দেখা গেছে বলে পরিসংখ্যান দফতর জানিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, বছরের শুরুতে অর্থনীতির যে গতি দেখা গেছে, সেটি এখনও অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) ০ দশমিক ৪ শতাংশ বেড়েছিল।
বিশেষজ্ঞরা বলেছেন, জার্মানির অর্থনীতির পুনরুদ্ধারে বড় অঙ্কের সরকারি বিনিয়োগ, শক্তিশালী রপ্তানি, ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি এবং নির্মাণ খাতে সক্রিয়তা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তবে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে পরিবেশগত কিছু চ্যালেঞ্জের কারণে ধীরগতির শঙ্কা রয়েছে। বিশেষ করে নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় পরিবহণ ব্যাহত হচ্ছে, এতে পরিবহন ব্যয়ও বেড়েছে এবং শিল্প উৎপাদনে বাধা সৃষ্টি হতে পারে। পাশাপাশি, উচ্চ জ্বালানি ব্যয় এখনো পরিবারের বাজেট ও ব্যবসার ওপর দারুণ চাপ তৈরি করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
