যুক্তরাজ্যের আবহাওয়া অফিস সতর্ক করেছে, এ বছর প্রশান্ত মহাসাগরে যে এল নিনো আবহাওয়া প্রবাহ তৈরি হয়েছে, তা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম শক্তিশালী হতে পারে। সংস্থাটি জানিয়েছে, শক্তিশালী এল নিনো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি অব্যাহত রাখছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৯ শতকের পর এবারই সবচেয়ে বিস্তৃত এল নিনো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা ২০২৭ সালে বিশ্বজুড়ে গড় তাপমাত্রা নতুন রেকর্ডে পৌঁছাতে পারে। আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিভাগের প্রধান অ্যাডাম স্কেইফ বলেন, এত শক্তিশালী এল নিনো সংকেত অতীতে কখনো দেখা যায়নি, এবারের পরিস্থিতি অনেকটাই ব্যতিক্রমী।
এল নিনো সাধারণত প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের পানি স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে গেলে দেখা যায়। এর প্রভাবে বিশ্বজুড়ে খরার পাশাপাশি বন্যা ও চরম তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব প্রভাব বিশ্ব অর্থনীতিতেও ব্যাপক চাপ ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে পানামা খালের দৈনিক জাহাজ চলাচলও কমিয়ে আনা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
