বেলজিয়ামে ২৫ বছরের কম বয়সী কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নতুন কাজে যোগদানের পর প্রথম বছরেই যারা ইস্তফা দিয়েছেন বা ছাঁটাইয়ের সম্মুখীন হয়েছেন, এমন তরুণ কর্মীদের সংখ্যা গত এক বছরে ১৬ শতাংশ বেড়েছে। বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ ও লজিস্টিক খাতগুলোতে এ প্রবণতা আরও স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে।
মানবসম্পদ ব্যবস্থাপনা সংস্থা এসের্তা পরিচালিত এক বিশ্লেষণ অনুযায়ী, বেলজিয়ামের ৩১ হাজার প্রতিষ্ঠানে কর্মরত ৩ লাখ ৯০ হাজার জনের ওপর এই জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ২৫ বছরের নিচের কর্মীদের ১৪ দশমিক ১২ শতাংশের স্থায়ী কর্মচুক্তি চাকরিতে যোগদানের প্রথম ছয় মাসের মধ্যেই বাতিল হয়েছে। এদের মধ্যে এক-তৃতীয়াংশ নিজ উদ্যোগেই চাকরি ছেড়েছেন। এক বছর আগে এই হার ছিল ৮ দশমিক ৪ শতাংশ। কর্মীদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চাকরি ছাড়ার প্রবণতা কমে যায় বলেও গবেষণায় উঠে এসেছে।
গবেষণার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেশিরভাগ তরুণের চাকরি ছেড়ে যাওয়া বা তাদের ছাঁটাইয়ের ঘটনা ঘটে ছোট উদ্যোক্তা ও প্রতিষ্ঠানে, যেখানে কর্মীর সংখ্যা ৯ জনের কম। সবচেয়ে বেশি চাকরি ছাড়ার ঘটনা হোটেল, রেস্তোরাঁ খাতে, তবে পরিষেবা, পরিবহন ও সরবরাহ খাতেও উল্লিখিত হারে কর্মী পরিবর্তন দেখা গেছে। সংশ্লিষ্ট খাতের পর্যবেক্ষকরা মনে করছেন, এই প্রবণতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।
