ইউরোপে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে নতুন ইতিহাস গড়ার পথে রয়েছে বায়ু বিদ্যুৎ খাত। চলতি বছরের প্রথম ছয় মাসেই নতুন বায়ু টারবাইন স্থাপনে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে ইউরোপ। আন্তর্জাতিক সংস্থা উইন্ডইওরোপ-এর সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, এ সময়ে ইউরোপ ৮.৮ গিগাওয়াট নতুন বায়ু বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি। এই টারবাইনগুলোর উৎপাদিত বিদ্যুৎ দিয়ে প্রায় ৭০ লাখ ইউরোপীয় পরিবারকে জ্বালানি সরবরাহ করা সম্ভব এবং বছরে ২৫টি এলএনজি ট্যাংকারের সমপরিমাণ জ্বালানি আমদানির বিকল্প হিসেবে কাজ করবে।
প্রথমার্ধে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটি একাই ৩.৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যুক্ত করেছে, যা মোট নতুন টারবাইন স্থাপনের ৪০ শতাংশ। জার্মানিতে এ সময়ে ৫০০টিরও বেশি নতুন বায়ু টারবাইন চালু হয়েছে, যার মধ্যে ৪২৩টি স্থলভাগে এবং ৮৪টি সাগরাঞ্চলে স্থাপিত। অপরদিকে, বেলজিয়ামে নতুনভাবে ৬০ মেগাওয়াট সক্ষমতার টারবাইন যোগ হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, সামনের মাসগুলিতে স্থাপন আরো গতি পাবে এবং বছরের শেষ নাগাদ মোট ২৪ গিগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা স্থাপন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে, যা এ খাতে নতুন রেকর্ড হবে। তবে উইন্ডইওরোপের প্রধান নির্বাহী জানান, অনেক ইউরোপীয় দেশে এখনো অনুমোদন প্রক্রিয়া বড় বাধা হয়ে আছে। যদিও জার্মানিতে উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তবে স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও আয়ারল্যান্ডে নতুন টারবাইন স্থাপনে অনুমোদনের হার কমে গেছে। সংস্থাটি আশা করছে, ২০৩০-পর্বে প্রতি বছর নবায়নযোগ্য বায়ু বিদ্যুৎ উৎপাদনে ৩০ গিগাওয়াট স্তরে পৌঁছাবে ইউরোপ।
