জার্মান অর্থনীতিতে চলমান দীর্ঘস্থায়ী সংকট এবং বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে দেশটির শ্রমবাজারে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। নতুন কর্মী নিয়োগে কোম্পানিগুলোর অনীহার কারণে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে জার্মানিতে শূন্যপদের সংখ্যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

জার্মান শ্রমবাজার ও পেশা গবেষণা ইনস্টিটিউটের (IAB) সাম্প্রতিক জরিপ অনুযায়ী, চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে শূন্যপদসংখ্যা আগের প্রান্তিকের তুলনায় ১১ শতাংশ বা ১ লাখ ২৯ হাজার ৮০০ কমে প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ হার ৩ শতাংশ হ্রাস পেয়েছে। জরিপে আরও দেখা গেছে, প্রতি চারটি চাকরির আবেদনপত্রের মধ্যে তিনটি প্রতিষ্ঠানগুলোর কাছে অপ্রতুল বলে বিবেচিত হয়েছে।

চাকরির সুযোগ কমে যাওয়ায় কর্মপ্রত্যাশীদের মধ্যে প্রতিযোগিতাও বেড়েছে। সারা জার্মানিতে প্রতি ১০০টি শূন্যপদের বিপরীতে নিবন্ধিত বেকারের সংখ্যা বেড়ে ২৯১-এ দাঁড়িয়েছে। এর মধ্যে পূর্ব জার্মানিতে এ সংখ্যা ৩৩৯ এবং পশ্চিম জার্মানিতে ২৭৯।

IAB-র শ্রমবাজার বিশ্লেষক আলেকজান্ডার কুবিস বলেন, করোনার লকডাউনের সময়কাল ছাড়া ২০১৬ সালের পর এবারই শ্রমবাজারে চাহিদা সবচেয়ে কম পর্যায়ে পৌঁছেছে। তিনি মনে করেন, বৈশ্বিক সংকট ও জার্মান অর্থনীতির কাঠামোগত সমস্যা এ পরিস্থিতির জন্য দায়ী।