চীন থেকে আসা সস্তা পণ্যের প্রবাহ কমাতে ইউরোপীয় ইউনিয়নের নতুন শুল্কের ফলে বেলজিয়াম সরকার প্রথম সাত সপ্তাহেই ২২৩ দশমিক ৭ মিলিয়ন ইউরো বা দুই শত কোটি ইউরোর বেশি আয় করেছে। বৃহস্পতিবার দেশটির অর্থ মন্ত্রণালয় এই তথ্য জানায়।

গণমাধ্যমে প্রকাশিত কাস্টমস বিভাগের তথ্য অনুযায়ী, নতুন এ শুল্ক কার্যকর হওয়ার পর চীন থেকে ইউরোপে আসা পণ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বেলজিয়ামের লিয়েজ বিমানবন্দরে ছোট প্যাকেজের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ২০২৬ সালের জুলাইয়ে ছোট প্যাকেজের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে। তবে বড় প্যাকেজের আগমনের পরিমাণ বেড়েছে।

নতুন নিয়ম অনুসারে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা এবং মূল্য ১৫০ ইউরোর কম প্রত্যেকটি ই-কমার্স পণ্যের জন্য তিন ইউরো নির্দিষ্ট শুল্ক আরোপ করা হয়েছে। এই অস্থায়ী পদক্ষেপ ২০২৮ সালের ১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বেলজিয়ামের অর্থমন্ত্রী জান ইয়াম্পন জানান, প্রাথমিক ফলাফলগুলো সরকারের উদ্দেশ্য অনুযায়ী ইতিবাচক দিকেই যাচ্ছে। এই শুল্ক থেকে অর্জিত আয়ের বড় একটি অংশ ব্যবহার করা হবে কাস্টমসের সক্ষমতা বৃদ্ধিতে। ২০২৬ থেকে ২০২৯ সালের মধ্যে অতিরিক্ত কাস্টমস কর্মকর্তা নিয়োগ এবং বিশেষায়িত পরিদর্শন সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা আছে বেলজিয়াম ফেডারেল সরকারের।