বেলজিয়ামের রাজকীয় আবহাওয়া ইনস্টিটিউট জানিয়েছে, ২০২৬ সালের গ্রীষ্ম দেশটির রেকর্ডকৃত ইতিহাসে সবচেয়ে উষ্ণ হিসাবে চিহ্নিত হয়েছে। চলতি বছর জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাসে রাজধানীর উপকণ্ঠের ইউক্লে অঞ্চলে গড় তাপমাত্রা দাঁড়িয়েছে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা দীর্ঘমেয়াদি গড় ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় অনেক বেশি। এর ফলে বেলজিয়ামের ইতিহাসে প্রথমবারের মতো গ্রীষ্মে গড় তাপমাত্রা ২০ ডিগ্রির সীমা অতিক্রম করল। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে, সেবার গড় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি।
বলা হচ্ছে, চলতি বছর ১৬ জুনের পর থেকেই তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে এবং পুরো গ্রীষ্ম জুড়েই স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। ইউক্লেতে অন্তত ২৫ ডিগ্রি তাপমাত্রা নিয়ে ৪৬ দিন পার হয়েছে এবং ১৬ জুন থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৬৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা কখনোই ২০ ডিগ্রির নিচে নামেনি। তিনটি শক্তিশালী দাবদাহও রেকর্ড করা হয়েছে, যার মধ্যে প্রথমটি শুরু হয় ১৭ জুন এবং ২৬ জুন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি ছুঁয়েছে।
এ বছরে বেলজিয়ামের গ্রীষ্মকাল ছিল ব্যতিক্রমী রোদেলা। ইউক্লেতে মোট ৭৭৮ ঘণ্টা ৪১ মিনিট সূর্য উঁকি দিয়েছে, যা ওই অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তবে বৃষ্টি ছিল তুলনামূলক কম—জুলাইয়ের শুরু থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত মাত্র ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর পুরো গ্রীষ্মে মোট বৃষ্টিপাত ছিল ২০০ দশমিক ২ মিলিমিটার। দেশজুড়ে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ জুন; সেই দিন হুয়ে শহরে পারদ উঠেছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।
বিষয়টি নিয়ে আবহাওয়াবিদ পাস্কাল মোর্মাল মন্তব্য করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম গরমের গ্রীষ্ম বেলজিয়ামে আগের তুলনায় অনেক ঘন ঘন দেখা যেতে পারে।
