বেলজিয়ামে গত এক বছরে প্রাকৃতিক গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের শুরুর দিকের বড় ধরনের মূল্যবৃদ্ধির পর পাইকারি বাজারে মেগাওয়াটআওয়ারপ্রতি গ্যাসের দাম ওঠানামা করতে থাকে এবং গ্রীষ্মের শুরু থেকে ধারাবাহিকভাবে বাড়তে শুরু করে। সম্প্রতি সেটি ৭০ ইউরোর ঘর অতিক্রম করেছে। দাম বাড়ার এই প্রবণতা বিশেষ করে যাদের গ্যাস চুক্তি পরিবর্তনশীল মূল্যের ভিত্তিতে, তাদের মাসিক বিল বাড়িয়ে দিচ্ছে।

এনার্জি তুলনা প্ল্যাটফর্ম Comparateur.be-র ব্যবস্থাপক কেনেথ ভ্যানসিনা জানান, মূলত ভূরাজনৈতিক টানাপোড়েন এবং ইউরোপজুড়ে গ্যাসের মজুদ কম থাকার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার ভাষ্যমতে, ইরানের সঙ্গে সংঘাত শুরুর সময় প্রাকৃতিক গ্যাসের দাম ছিল প্রতি মেগাওয়াটআওয়ার ৩০ ইউরোর মতো। সেখানে বর্তমানে দাম ৭৫ ইউরোর কাছাকাছি পৌঁছেছে। ইউরোপের গ্যাস গুদামগুলোর গড় পূরণ মাত্রা এখন ৬৫ শতাংশ, যেখানে সেপ্টেম্বরের শুরুতে এটি সাধারণত ৮০ শতাংশ থাকার কথা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেসব গ্রাহকের চুক্তিতে মূল্য পরিবর্তনশীল, তাদের আপাতত নতুন করে স্থায়ী মূল্যের চুক্তি করতে না–ও বলা হচ্ছে। মাসিক ভিত্তিতে দাম পুনর্নির্ধারণ হয়; তাই সেপ্টেম্বরের শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে এবং বেলজিয়ামের বাজারে উদ্বেগ বাড়লে, তখন স্থায়ী মূল্যের চুক্তিতে যাওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে, যাঁরা ইতিমধ্যে স্থায়ী চুক্তিতে রয়েছেন, ভবিষ্যতে মূল্য কমলে তারাও নতুন চুক্তিতে যেতে পারবেন।