জার্মানির অর্থনীতি ইনস্টিটিউট (আইডব্লিউ) জানিয়েছে, দেশটিতে আগামী ২০২৯ সালের মধ্যে দক্ষ জনবল ঘাটতি প্রায় ৭ লাখ ২৩ হাজারে পৌঁছাতে পারে, যা বিগত বছরের তুলনায় ৪৭ শতাংশ বেশি। ২০২৩ সালে জার্মানিতে দক্ষ কর্মীর ঘাটতি ছিল ৩ লাখ ৭০ হাজার।

গবেষণায় বলা হয়েছে, ২০২৯ সালে কেবল খুচরা খাতে ৩৯ হাজারেরও বেশি দক্ষ কর্মীর চাহিদা থাকবে, তবে তাদের পাওয়া কঠিন হবে বলে মনে করা হচ্ছে। একই সময়ে শিশু পরিচর্যা খাতে প্রায় ৩০ হাজার, সামাজিক সেবা ও শিক্ষা খাতে ২৪ হাজার, নার্সিং পেশায় ১৯ হাজার, গাড়ি শিল্পে ১৬ হাজার, নির্মাণ খাতে ১৫ হাজার এবং বৈদ্যুতিক প্রকৌশল খাতে ১৪ হাজার জনবল ঘাটতির আশঙ্কা করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বেশি সংখ্যক মানুষ অবসর নেওয়া, তরুণদের মধ্যে শ্রমবাজারে অংশগ্রহণ কমে যাওয়া এবং জন্মহার হ্রাস পাওয়ায় জার্মানির শ্রম বাজারে সংকট আরও বাড়বে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পর্যাপ্ত বিদেশি কর্মী না এলে এই সংকট আরও মারাত্মক আকার নিতে পারে।