বেলজিয়ামের ফ্লেমিশ অঞ্চলের স্থানীয় গণপরিবহন সংস্থা ডে লাইন-এর পরিদর্শকরা সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান সহিংসতা ও হামলার শিকার হচ্ছেন। এসব ঘটনা প্রতিনিয়ত বাড়তে থাকায় সংস্থাটির পরিদর্শকদের কাজে অনুপস্থিত থাকার হারও উদ্বেগজনকভাবে বেড়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছর ডে লাইন-এর ২৩৯ জন পরিদর্শকের মধ্যে সম্মিলিতভাবে ১ হাজার ৭৫০ দিন কাজে আসেননি। এটি ২০১৯ সাল থেকে পরিসংখ্যান সংগ্রহ শুরুর পর সর্বোচ্চ রেকর্ড। আগের বছর একই অনুপস্থিতির সংখ্যা ছিল ৪৯৪ দিন।
২০২৫ সালে মোট ২২৬টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১২৮টি ছিল শারীরিক ও ৯৮টি ছিল মৌখিক হামলা। আগের বছরগুলোর তুলনায় এই সংখ্যা বেশি; ২০২৩ সালে ১৮৬টি এবং ২০২২ সালে ১৬৬টি এমন ঘটনা ঘটেছিল।
অনুপস্থিতির এই চিত্র সামনে আসার পরে ডে লাইন কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে। গত সপ্তাহে আন্তার্ভের্পের বেয়ারখেম স্টেশনে পরিদর্শক হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনার পর এই তথ্য প্রকাশ করা হয়।
