বুলগেরিয়ার ক্যাপিটান আন্দ্রেভো কাস্টমস চেকপোস্টে যাত্রীবাহী এক মাইক্রোবাস থেকে লাগেজে লুকিয়ে রাখা ১ লাখ ২৫ হাজার ২০০টি চোরাচালান সিগারেট জব্দ করেছে সীমান্ত পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনাটি তুরস্ক-বুলগেরিয়া হয়ে যুক্তরাজ্যে যাচ্ছিল এমন এক গাড়িতে গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৯টা ২০ মিনিটে কাস্টমস চেকের সময় ধরা পড়ে।
গাড়িটি ইরাক থেকে আসা এবং যাত্রীদের মধ্যে দুই ছেলেসহ এক বাবা ছিলেন। তারা কোনো ঘোষণা না দিয়ে কাস্টমস এলাকায় প্রবেশ করলে সন্দেহ হলে সীমান্ত পুলিশের সহযোগিতায় তল্লাশি চালানো হয়। কেনো ঘোষণা ছাড়াই ছয়টি প্লাস্টিক স্যুটকেস, একটি বড় কার্টন ও একটি কালো ব্যাগে রেখে সিগারেটগুলো বহন করা হচ্ছিল। এসব সিগারেটে বুলগেরিয়ার নির্ধারিত ব্যান্ডরোল ছিল না। জব্দকৃত সিগারেটের পরিমাণ ছিল ৬ হাজার ২৬০ কার্টন।
চোরাচালান সিগারেট এবং ব্যবহৃত পরিবহনটি বাজেয়াপ্ত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এসব সিগারেটের মালিকানা গাড়িচালকের বলে নিশ্চিত হওয়া যায় এবং তার বিরুদ্ধে কাস্টমস আইনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ক্যাপিটান আন্দ্রেভো কাস্টমস চেকপোস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু গত আগস্ট মাসেই তারা প্রায় ১৯ লাখ ১৪ হাজার চোরাচালান সিগারেট, অর্থাৎ ৯৫ হাজার ৭০০ কার্টন জব্দ করেছে। এ সংক্রান্ত তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এবারের সিগারেট জব্দের পরিমাণ পাঁচ হাজার কার্টন বেশি।
