যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সাম্প্রতিক সময়ে মুসলিমদের লক্ষ্য করে দেয়াল লিখন, পোস্টার ও স্টিকারের মাধ্যমে ঘৃণাবার্তা ছড়ানোর ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ ধরনের বার্তার মধ্যে বেশ কয়েকটি প্রকাশ্যে এসেছে, যা দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

ঘৃণা-অপরাধ পর্যবেক্ষণ সংস্থা টেল মামা জানিয়েছে, ২০২৪ সালে দেশজুড়ে মুসলিমদের বিরুদ্ধে ৫ হাজার ৮৩৭টি ঘৃণাপূর্ণ ঘটনা নথিভুক্ত হয়েছে, যেখানে ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৩ হাজার ৭৬৭ এবং ২০২২ সালে ২ হাজার ২০১। এসব ঘটনার মধ্যে উল্লেখযোগ্য অংশই রাস্তায় দেওয়াল লিখন, স্টিকার ও পোস্টারের মাধ্যমে সংঘটিত হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অফলাইনে নির্ধারিত ঘৃণাপূর্ণ ঘটনাগুলোর মধ্যে ভাঙচুর ও সরাসরি হামলার সংখ্যানুপাত অনেক বেশি। ভাঙচুরের মতো ঘটনাও আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি বেড়েছে বলে তারা জানিয়েছে।

টেল মামার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে মসজিদ ও ইসলামিক কেন্দ্রের ওপর হামলা, ভাঙচুর এবং হুমকির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালে বিশেষ করে মুসলিমবিরোধী স্টিকার এবং গ্রাফিটির সংখ্যা আরও বেড়েছে বলে সংস্থাটি জানায়।