বুলগেরিয়ার বুরগাস শহরের কাস্টমস কর্তৃপক্ষ চীন থেকে আমদানিকৃত এবং জনপ্রিয় অ্যানিমেশন চরিত্রের নকল লোগোসংবলিত মোট ৪৪ হাজার ১৩৬টি শিশুপণ্য জব্দ করেছে। পণ্যগুলো ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে করা এক বিস্তারিত তল্লাশিতে শনাক্ত হয়। এতে করে চোরাই পথে আসা এসব পণ্য বুলগেরিয়ার বাজারে প্রবেশের আগেই থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
কাস্টমস কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জব্দ হওয়া এই শিশুপণ্যের মধ্যে ৩২ হাজার ২৫৬টি প্লাস্টিকের কাপ এবং ১১ হাজার ৮৮০টি পানির বোতলের ঢাকনা রয়েছে। এসব পণ্যে মালিকের অনুমতি ছাড়াই পরিচিত অ্যানিমেশন চরিত্রের ছবি ও লোগো ব্যবহার করা হয়েছে, যা স্পষ্টভাবেই কপিরাইট আইন লঙ্ঘন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।
বুলগেরিয়ান কাস্টমস অ্যাজেন্সির ভাষ্য, অনুমতি ছাড়া পণ্যে ব্র্যান্ড বা কার্টুন চরিত্রের নাম-ছবি ব্যবহার এবং শিশুর জন্য ক্ষতিকর পণ্যবিক্রয় ঠেকানোই তাদের অন্যতম অগ্রাধিকার। সংস্থাটি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের মেধাস্বত্ব আইন অনুযায়ী জব্দকৃত সব পণ্য সংরক্ষিত এবং সংশ্লিষ্ট ব্র্যান্ডকেও বিষয়টি জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
