বেলজিয়ামের ব্রাসেলস শহরের সেন্ট-গিলিস এলাকায় একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রোমেনিয়েস্ট্রাতের ওই রেস্তোরাঁর ভেন্টিলেশন চ্যানেলে আগুন লাগে।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল কর্মকর্তাদের মতে, রেস্তোরাঁর বিভিন্ন স্তরের কাঠের প্ল্যাটফরমের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ফলে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়।
আগুন ছড়িয়ে পড়ার ফলে ভবনের ওপরের তলার অ্যাপার্টমেন্টগুলোও ঝুঁকিতে পড়ে যায়। তবে দমকলকর্মীদের দ্রুত উপস্থিতি ও সঠিক পদক্ষেপের কারণে ধ্বংসাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি। আগুন নেভানোর সময় গরমের কারণে কর্মীদের বিশ্রাম ও পানি সরবরাহের জন্য সংক্ষিপ্ত বিরতি দিতে হয়।
এ ঘটনায় কেউ আহত হননি। তবে তীব্র ধোঁয়ার কারণে ভবনে কিছুক্ষণ আতঙ্কের সৃষ্টি হয়েছিল। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত আটটা পনেরো মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এ ধরনের অগ্নিকাণ্ড এড়াতে রেস্তোরাঁসহ পেশাদার রান্নাঘর ব্যবহৃত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত ভেন্টিলেশন ও চিমনি পরিস্কার-পরিচর্যার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
