বেলজিয়ামে চলতি বছরের সবচেয়ে গরম দিনটি গত শুক্রবার রেকর্ড হয়েছে। সেদিন ইউকলে অঞ্চলে তাপমাত্রা ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল, যা শুধুমাত্র বছরের সর্বোচ্চ নয়, বরং আগস্ট মাসে পরিমাপিত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও স্পর্শ করেছে। বেলজিয়ান রয়্যাল মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, ২০২০ সালের ৮ আগস্টও একই মাত্রায় উত্তপ্ত দিন রেকর্ড হয়েছিল।
এর আগে, ২৬ জুন ছিল বছরের সবচেয়ে গরম দিন হিসেবে চিহ্নিত। তবে শুক্রবারের রেকর্ড সে স্থান দখল করেছে।
দেশটিতে চলতি বছরে সরকারিভাবে তৃতীয় দফায় তাপপ্রবাহ শুরু হয়েছে। ইউকলে অঞ্চলে টানা পাঁচ দিন কমপক্ষে ২৫ ডিগ্রি এবং তিন দিন ৩০ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা হলে তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। সর্বশেষ তাপপ্রবাহটি ৮ আগস্ট শুরু হয়েছে এবং তা রবিবার বা সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানানো হচ্ছে। ২০১৮ সালে রেকর্ড তিনবার তাপপ্রবাহ দেখা গেলেও, এ বছর ইতিমধ্যেই সেই রেকর্ড ছুঁতে যাচ্ছে দেশটি।
চলতি গ্রীষ্মে এখন পর্যন্ত বেলজিয়ামে গড় তাপমাত্রা দাঁড়িয়েছে ২০.৬ ডিগ্রি সেলসিয়াসে। ২০১৮ সালের পুরনো রেকর্ড ছিল ১৯.৮৫ ডিগ্রি। এবারের গড় তাপমাত্রা সে রেকর্ডের চেয়েও ০.৭৫ ডিগ্রি বেশি। আবহাওয়াবিদদের মতে, এ বছরের গ্রীষ্ম বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম হিসেবে রেকর্ড হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।
শুক্রবার দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি পর্যন্ত ওঠার আশঙ্কা করা হয়েছিল। সব অঞ্চলে, শুধু ওয়েস্ট ফ্ল্যান্ডারস বাদে, ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ, রবিবার সর্বোচ্চ ২২ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।
