বেলজিয়ামের ফেডারেল অর্থনীতি দপ্তর চলতি বছরের শুরু থেকে টেকনিশিয়ান, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান ও চিমনি পরিষ্কারকসহ বিভিন্ন মেরামত সেবাদাতাদের বিরুদ্ধে এক হাজারেরও বেশি অভিযোগ পেয়েছে। অভিযোগগুলোর বেশিরভাগই অতিরিক্ত মূল্য আদায়, অবৈধভাবে গ্রাহকের সঙ্গে যোগাযোগ, পরিষ্কার মূল্য তালিকা না দেওয়া এবং মানসম্পন্ন কাজ না করার মতো বিষয়কে ঘিরে।

চলতি বছরের প্রথম ছয় মাসে দপ্তরটি মোট ১,১৩৪টি অভিযোগ পেয়েছে। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২,০৩১, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। দপ্তরের মুখপাত্র বলছেন, যদিও সমস্যাগুলো কিছু প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, তবে সামগ্রিকভাবে মেরামত সেবা খাতে অনিয়মের প্রবণতা বাড়ছে।

এ অবস্থায় ভোক্তাদের প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করতে নতুন করে সচেতনতামূলক প্রচার শুরু করেছে অর্থনীতি দপ্তর। মেরামত সেবা নেওয়ার আগে পরিষ্কারভাবে মূল্য ও শর্ত জানতে চাওয়া, অধিকার সম্পর্কে জানা ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।