আর্কটিক সাগরের বরফ সংরক্ষণের লক্ষ্যে বিজ্ঞানীরা বরফের বাধা কৃত্রিমভাবে পুরু করার সম্ভাব্যতা নিয়ে গবেষণা করছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, কানাডা ও গ্রিনল্যান্ডের মধ্যবর্তী ন্যারেস প্রণালীতে বড় আকারের সাগর-বরফ দক্ষিণে চলে গিয়ে গলে যাওয়া ঠেকানো।
এ উপলক্ষে, ইউরোপীয় মহাকাশ সংস্থার পদার্থবিদ ম্যালকম ডেভিডসন ২০১১ সালে স্যাটেলাইট পর্যবেক্ষণের সঠিকতা নিশ্চিত করার জন্য কিছু গবেষণা পরিচালনা করেন। তিনি কানাডা ও গ্রিনল্যান্ডের মাঝামাঝি এলসমেয়ার দ্বীপের ওপর দিয়ে উড়ানের সময় দেখতে পান, বৃহৎ বরফখণ্ডগুলো পরস্পরের সঙ্গে ঘষটে প্রণালী আটকে ফেলছে। আকাশ থেকে এসব বরফ, প্রণালীজুড়ে এক ধরনের বাঁকের মতোই দেখা দিচ্ছিল।
প্রাকৃতিকভাবে তৈরি এই বরফের বাঁকের উত্তরে, বরফাবৃত আর্কটিক মহাসাগরে বরফ জমা হচ্ছে; অথচ দক্ষিণে বরফের পরিমাণ অনেক কম। এ ধরনের প্রাকৃতিক বাধা সাগর-বরফের চলাচল ও সংরক্ষণে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা স্পষ্টভাবে উঠে আসছে। এখন বিজ্ঞানীরা গবেষণা করছেন, এই পদ্ধতিকে কৃত্রিমভাবে আরও কার্যকর করা যায় কিনা।
