জার্মানির শিল্পখাতে চলতি বছরের প্রথমার্ধে কর্মসংস্থান হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে গাড়ি শিল্পে। দেশটির সরকারি পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, জুন মাস শেষে উৎপাদনশিল্পে মোট কর্মীর সংখ্যা আগের বছরের তুলনায় ১ লাখ ৪৪ হাজার কমে হয়েছে ৫২ লাখ ৯০ হাজার। এ হার কমেছে ২ দশমিক ৭ শতাংশ।
বিশেষ করে গাড়ি শিল্পে এক বছরের ব্যবধানে ৪২ হাজার ৩০০ মানুষ চাকরি হারিয়েছেন, যা আগে থেকে ৫ দশমিক ৮ শতাংশ কম। এতে করে এ খাতে কর্মসংখ্যা হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৫০০, যা ২০০৫ সালের পর সর্বনিম্ন। এরপরও এ শিল্পটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শিল্প খাত হিসেবে অবস্থান ধরে রেখেছে। চাকরি হ্রাস পেয়েছে মূল উৎপাদনকারী ও পার্টস-এক্সেসরিজ সরবরাহকারীদের মধ্যে। তবে গাড়ির কাঠামো, গঠন বা ট্রেলারের মতো কিছু উপখাতে কর্মসংস্থান বেড়েছে।
মোটের উপর, দেশটির সবচেয়ে বড় শিল্প খাত মেশিন নির্মাণে কর্মসংস্থান কমেছে ২ দশমিক ৭ শতাংশ, ধাতু শিল্পে ৩ দশমিক ৮ শতাংশ, কেমিক্যাল শিল্পে ৩ দশমিক ৬ এবং বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনে ৩ দশমিক ৪ শতাংশ।
জার্মানির শিল্প খাতের অনেকাংশই রপ্তানিনির্ভর। বৈশ্বিক বাজারে চাপের কারণে এসব খাত চ্যালেঞ্জের মুখে পড়ছে। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক এবং চীনের নিজস্ব উৎপাদন বাড়ানোয় রপ্তানি কমেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে চীনে জার্মান পণ্যের রপ্তানি ১২ শতাংশের বেশি এবং যুক্তরাষ্ট্রে প্রায় ৬ শতাংশ কমে গেছে।
