ইউরোপের একাধিক দেশে চলমান বন ও গাছপালা আগুনের কারণে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ল্যান্ডেস এলাকায় বৃহস্পতিবার শুরু হওয়া দাবানলে ইতিমধ্যে প্রায় ১,১০০ হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহিনীর দ্রুত পদক্ষেপে আগুনের ছড়িয়ে পড়া কিছুটা শ্লথ হলেও সেখানে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। আগামী ১৫ ঘণ্টা পরিস্থিতি পরিবর্তনশীল থাকতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এ পর্যন্ত অন্তত ৫২৫ জনকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে এবং দাবানল নিয়ন্ত্রণে প্রায় ৫০০ দমকলকর্মী দিনরাত কাজ করছেন। এখনো পর্যন্ত কোনো বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস না হলেও, কিছু ভবনের থেকে আগুনের দূরত্ব মাত্র কয়েক ডজন মিটার। এ ছাড়া বোর্দো শহরের কাছে আরও একটি অগ্নিকাণ্ডে দুই দমকলকর্মীর মৃত্যু হয়েছে; এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
ইংল্যান্ডেও বছরের সবচেয়ে গরম দিনে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে বিশেষ করে বার্মিংহামের দক্ষিণ-পশ্চিমের স্টুরব্রিজ এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ছয়টি ভবন আগুনে পুড়ে গেছে, তিনজন দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং কিছু স্থানীয় বাসিন্দা ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ক্রোয়েশিয়ার আদ্রিয়াটিক উপকূলের লোকভা রোগোজনিৎসা অবকাশকেন্দ্রে প্রায় ১,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে; ৩৬ জন চিকিৎসাসেবা নিয়েছেন এবং সাতজনের অবস্থা সংকটজনক। ওমিস শহরের কাছে আগুনে কিছু যানবাহন পুড়ে গেছে এবং ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। আলবেনিয়াতে বর্তমানে অন্তত ১১টি সক্রিয় দাবানল রয়েছে, যার মধ্যে লুরা জাতীয় উদ্যানে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড দেখা দিয়েছে।
গ্রিসের হালকিদিকি অঞ্চলে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে পড়ে ৪৮১ জন পর্যটককে ছোট নৌকায় করে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযানে ২০০ জন দমকলকর্মী, নয়টি অগ্নিদমন বিমান এবং সাতটি হেলিকপ্টার অংশ নিয়েছে। এছাড়া, রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিম অঞ্চলের আরেকটি দাবানলে ১১,০০০ হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে গেছে।
স্পেনের আরাগন অঞ্চলে সান খান দে লা কীন্না মঠের কাছে আগুন পৌঁছে যাওয়ায় মধ্য যুগের তিন আরাগন রাজার সমাধি, ঐতিহাসিক পোশাক ও চিত্রকর্মগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হুয়েস্কা এলাকায় প্রায় ১০,০০০ হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে অগ্নিসংযোগের সন্দেহে আটক করেছে পুলিশ। হুয়েলভা প্রদেশে দাবানলে ৩১,০০০ হেক্টর এলাকা আক্রান্ত হলেও আগুনের অধিকাংশ ফ্রন্ট ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।
