ফ্রান্সের ভাল-দ'ওয়াজ অঞ্চলের আর্নুভিল শহরের ব্রাসেরি সেমার্ড নামের একটি নার্গিলি ক্যাফেতে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় পুলিশ ও পৌর পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক প্রধানও।

শুক্রবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে ২.৯ কেজি চোরাচালান তামাক ও বেশ কয়েকটি অবৈধ সিগারেট কার্টিজ জব্দ করা হয়। ক্যাফেতে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি শ্রমিক কাজ করছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পরিদর্শনে দেখা যায়, দোকানে আইনগতভাবে অনুমতিপ্রাপ্ত ধোঁয়া নিষ্কাশন ব্যবস্থা নেই। এছাড়া ভিডিও নজরদারি সিস্টেম কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করা হয়নি বলেও জানা গেছে।

এই অভিযানের পর ক্যাফেটিকে প্রশাসনিকভাবে সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চোরাচালান তামাক রাখার কারণে ক্যাফেটির বিরুদ্ধে শুল্ক আইনে আলাদা জরিমানা আরোপ করা হবে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। অপরদিকে, অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর ২১ হাজার ৭৫০ ইউরো জরিমানা ধার্য করা হয়েছে। ভবিষ্যতে যেন এসব অনিয়ম না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নিতে মালিকপক্ষকে কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে।