জার্মানিতে উদ্যোক্তা হওয়ার প্রবণতা গত কয়েক বছরে নজরকাড়া হারে বেড়েছে বলে এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। জার্মান শিল্প ও বণিক সমিতির তথ্য অনুযায়ী, দেশটির অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন খাতে দ্রুত পরিবর্তনের কারণে অনেকেই চাকরি হারানোর আশঙ্কায় ভুগছেন। সেই কারণেই নতুন ব্যবসা শুরু করার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।

শুধুমাত্র গত বছরই দেশটির শিল্প ও বণিক সমিতিতে উদ্যোক্তা হওয়ার পরামর্শ নিতে আসা মানুষের সংখ্যা ১ লাখ ৫১ হাজার থেকে বেড়ে ১ লাখ ৭১ হাজারে পৌঁছেছে। প্রতিবেদনে দেখা যাচ্ছে, পরামর্শ গ্রহণকারীদের মধ্যে ৩৬ শতাংশই মূলত বেকারত্বের আশঙ্কা থেকে উদ্যোক্তা হওয়ার পথ খুঁজছেন— যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।

উদ্ভাবনী খাত, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা প্রযুক্তির মতো নতুন বাজারে সুযোগ নিতে আগ্রহী উদ্যোক্তার সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। DIHK–এর ডিরেক্টর পিটার অ্যাড্রিয়ান জানান, অনিশ্চয়তা ও বাড়তি বেকারত্বের ঝুঁকির সময়ে স্বাধীনভাবে ব্যবসা করার প্রবণতাকে নিরাপত্তার কৌশল হিসেবে বিবেচনা করছেন অনেকেই। তবে তিনি উল্লেখ করেন, এই প্রবণতা সামগ্রিক উদ্যোক্তা প্রবৃদ্ধির বড় কোনও সাফল্য দেখায় না।

প্রতিবেদনে নারীদের উদ্যোক্তা হওয়ার আগ্রহের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। উদ্যোক্তা পরামর্শের জন্য আবেদনকারীদের মধ্যে নারীর সংখ্যা বর্তমানে ৪৪ শতাংশে পৌঁছেছে, যা পুরুষদের সঙ্গে প্রায় সমান। DIHK বলছে, এই তথ্য থেকে স্পষ্ট যে এখন উদ্যোক্তা হওয়া নারীদের জন্য আরও স্বাভাবিক ও গ্রহণযোগ্য বিকল্পে পরিণত হয়েছে।