জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মস্তিষ্কে প্রেরণা কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ একটি নতুন প্রক্রিয়া উদ্ঘাটন করেছেন। তারা জানিয়েছেন, মস্তিষ্কের 'অরেক্সিন নিউরন' নামের এক ধরনের কোষ পুরস্কার পাওয়ার প্রত্যাশাকে বাস্তব আচরণে পরিণত করতে বড় ভূমিকা রাখে।

গবেষণায় কেমোজেনেটিক ও অপ্টোজেনেটিক প্রযুক্তি ব্যবহার করে ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা যায়, ওই বিশেষ নিউরনের সক্রিয়তা বেড়ে গেলে ইঁদুরেরা পুরস্কারের আশায় বেশি চেষ্টা করে। বিপরীতে, নিউরনের কার্যকারিতা কমে গেলে প্রাণীর প্রেরণা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

বিশেষ ভাবে জেনেটিক পরিবর্তিত 'অরেক্সিন-ক্রে' ইঁদুর ব্যবহার করা হয়েছে এ গবেষণায়। এতে দেখা গেছে, পুরস্কার পাওয়ার সম্ভাবনা যত বাড়ে, অরেক্সিন নিউরনের কর্মক্ষমতাও ততই বাড়ে। এমনকি কাঙ্ক্ষিত পুরস্কার না পেলেও এ কোষগুলো বেশ কিছুক্ষণ সক্রিয় থাকে।

গবেষকরা আশা করছেন, এ আবিষ্কার ভবিষ্যতে হতাশা, আসক্তি অথবা মনোযোগের ঘাটতিসহ প্রেরণার ঘাটতি-সংক্রান্ত নানা সমস্যার নতুন সমাধানের পথ খুলে দিতে পারে। মস্তিষ্কের প্রেরণা পরিচালনা ব্যবস্থার জটিলতা বোঝার এ উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত হচ্ছে। সামনে অরেক্সিন নিউরনের সংযোগ ও সংকেত নেটওয়ার্ক আরও বিস্তারিতভাবে অনুসন্ধানের পরিকল্পনাও রয়েছে।