রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে মস্কোতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। এ সময় তিনি বলেন, ইউক্রেনের সাম্প্রতিক হামলায় দেশের পরিবহন ও গুদামজাতকরণ অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে, যদিও এসব সত্ত্বেও বাণিজ্যিক কর্মকাণ্ড তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
পুতিন জানিয়েছেন, এই অবকাঠামোগুলোকে সরকারের সক্রিয় অংশগ্রহণে নতুন করে নির্মাণ করতে হবে। এ জন্য সরকারকে একটি বিশেষ কর্মসূচি প্রস্তুত করার নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও স্থাপনাগুলো প্রযুক্তিগতভাবে আরও আধুনিক ও উন্নতভাবে পুনর্নির্মাণ করা জরুরি।
পুতিন জানান, রাশিয়ার অর্থনৈতিক সূচক সীমিত হলেও ইতিবাচক প্রবণতা দেখাচ্ছে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ১ শতাংশ হারে এগিয়ে চলেছে।
প্রসঙ্গত, সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ান অনলাইন বিপণন সংস্থা ওয়াইল্ডবেরিজের বিভিন্ন গুদাম ও সরবরাহ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব হামলা, অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি, রাশিয়ার শিল্প ও অবকাঠামোগত অঞ্চলগুলোর ওপরও চাপ সৃষ্টি করছে বলে সতর্ক করেছেন পুতিন।
