বেলজিয়াম প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ থেকে ১৮ বছর বয়সী ৬৬ জন তরুণ-তরুণী সম্প্রতি কমান্ডো জুনিয়র ক্যাম্পের আওতায় এক সপ্তাহব্যাপী চ্যালেঞ্জিং প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছে। দেশটির মার্শ-লে-দেম এলাকায় আয়োজিত এই প্রোগ্রামে অংশগ্রহণকারীরা মূলত কমান্ডো প্রশিক্ষণের প্রাথমিক ধারণা এবং কৌশল সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পেয়েছেন।

প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীরা পাহাড়ি এলাকা বেয়ে ওপরে ওঠা, রশি বেয়ে নামা, মানচিত্র পড়া, প্রাকৃতিক প্রতিবন্ধকতা পার হওয়া, তাঁবু স্থাপন এবং জলাভূমি এলাকায় চলাফেরাসহ বিভিন্ন কার্যক্রমে সরাসরি অংশ নেন। সপ্তাহব্যাপী এ অভিযানে তরুণরা তাদের শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা অতিক্রম করার অভিজ্ঞতা অর্জন করেন। একই সঙ্গে তারা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ও দলের সঙ্গে মিলেমিশে প্রতিকূল পরিস্থিতিতে সমস্যা সমাধানের কৌশল শিখেছেন।

বেলজিয়াম প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ক্যাম্পটি তরুণদের আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং দলীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অংশগ্রহণকারীরা কমান্ডো প্রশিক্ষণ কেন্দ্রের দৈনন্দিন জীবনযাত্রা সরাসরি দেখার সুযোগ পান। আয়োজক কর্তৃপক্ষ জানায়, এ কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের জন্য একটি দুঃসাহসিক অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক কমান্ডো প্রশিক্ষণের সঙ্গে তাদের পরিচিত করা।