বেলজিয়ামে টাইগার মশার বিস্তার অব্যাহত রয়েছে। দেশটির Sciensano ও ট্রপিক্যাল মেডিসিন ইনস্টিটিউটের চলমান পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি বছরে নতুন করে আরও চারটি পৌরসভায় এই মশার উপস্থিতি শনাক্ত হয়েছে। গবেষকরা বলছেন, কিছু এলাকায় টাইগার মশা স্থায়ীভাবে বসতি স্থাপন করতে শুরু করেছে।

মে মাসের শুরু থেকে পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম SurveillanceMoustiques-এর মাধ্যমে নতুন করে আওয়াই, ক্রেনেম, কুউর্ন ও রটসেলার পৌরসভায় প্রথমবার টাইগার মশার খবর পাওয়া গেছে। এ ছাড়া অতীতে আথ, বুম, কেসেল-লো, মেরেলবেকে-মেলে, শেল, উইজনেগেম ও জাভেনটেম এলাকায়ও এই মশার উপস্থিতি নথিভুক্ত হয়েছে। গবেষকরা আরও জানিয়েছেন, চলতি বছর হুগারডেন, মেরেলবেকে-মেলে, উইজনেগেম ও জাভেনটেমে মশার উপস্থিতি রয়েছে এবং আথ ও বুম এলাকায় পর্যবেক্ষণ অব্যাহত আছে।

Sciensano-র মহামারি বিশেষজ্ঞ জাভিয়েরা রেবোলেদো রোমেরো জানিয়েছেন, টাইগার মশার উপস্থিতি মানেই যেন এখানে ডেঙ্গু, চিকুনগুনিয়া বা জিকা ভাইরাসের সংক্রমণ ঘটবে—এ রকম কোনো আশঙ্কা নেই। তবে ট্রপিক্যাল মেডিসিন ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদ উইম ভ্যান বোর্টেল সতর্ক করেন, কোনো এলাকায় মশাটি পাকাপাকি বসতি গড়ে তুললে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।

পর্যবেক্ষণ কার্যক্রম চলবে অক্টোব পর্‍যন্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের আহ্বান জানিয়েছে, তারা যেন মাঠ পর্যবেক্ষণে সহায়তা করেন এবং বিশেষ করে দক্ষিণ ইউরোপ থেকে ফিরে আসার সময় তাদের যানবাহনে এই মশা চলে আসছে কি না, সে ব্যাপারে সতর্ক থাকেন।