চলতি বছরের জুন মাসে জার্মানিতে নজিরবিহীন তাপপ্রবাহে এক সপ্তাহের ব্যবধানে ৯ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির রবার্ট কখ ইনস্টিটিউটের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২২ থেকে ২৮ জুন পর্যন্ত প্রবল গরমে এই বিপুল সংখ্যক প্রাণহানি ঘটে। পূর্ববর্তী হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ছিল ৫ হাজারের বেশি। নতুন তথ্য জানালে দেখা যাচ্ছে, মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় জার্মানিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গড় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৮৫ বছরের বেশি বয়সীরা এবং ক্রনিক রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিলেন। ২০২৬ সালে তাপপ্রবাহজনিত মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার ৯০০ জনে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

এই অবস্থার পরিপ্রেক্ষিতে, জার্মানির চিকিৎসক সংগঠনসহ স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক একাধিক সংস্থা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, জলবায়ুজনিত জরুরি অবস্থাকে আইনগতভাবে বাধ্যতামূলক নীতিতে পরিণত এবং একটি সমন্বিত জাতীয় তাপমাত্রা সুরক্ষা পরিকল্পনা বাস্তবায়নের জন্য।

বিশেষজ্ঞদের পরামর্শ, দেশের নার্সিং হোম, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জলবায়ু সংকট মোকাবিলায় উপযোগী করতে হবে। এ ছাড়া শহরাঞ্চলে আরও বেশি সবুজায়ন বাড়ানো এবং স্বাস্থ্যসেবার খাতে টেকসই অর্থায়ন চালু করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।