বেলজিয়ামের কারা কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী ট্রেড ইউনিয়নগুলো আগামী ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে দেশটির সব কারা প্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের ব্যপ্তি সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নগুলো জানিয়েছে, কারাগারের দীর্ঘদিনের অতিরিক্ত বন্দি ধারণক্ষমতা, জনবলের সংকট, নিরাপত্তা এবং অবকাঠামোগত নানা সমস্যার প্রতিবাদেই এই কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মঘটের আওতায় কারাগার ছাড়াও সংশ্লিষ্ট আটক কেন্দ্রগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

ইউনিয়নগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, কর্তৃপক্ষ তাদের দাবি-দাওয়ায় কোনো কার্যকর উদ্যোগ না নিলে এই ধর্মঘট দেশজুড়ে সকল কারা প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক মহল কারা কর্মীদের ন্যায্য দাবি উপেক্ষা করছে, অথচ তারা আরও নিরাপদ ও উন্নত কর্মপরিবেশ পাওয়ার পুরোপুরি অধিকার রাখে।