গ্রিনল্যান্ডে সাম্প্রতিক বছরগুলিতে পরিবেশে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন আন্তর্জাতিক গবেষকরা। গত ২০ বছরে দেশটির সমুদ্রের তাপমাত্রা বেড়েছে এবং হিমবাহ উল্লেখযোগ্য মাত্রায় গলছে। এই পরিবর্তনের ফলে, পূর্ব গ্রিনল্যান্ডের যেসব উপকূলীয় অঞ্চলে আগে ঘন বরফের কারণে প্রবেশ করা কঠিন ছিল, সেসব এলাকায় এখন হাম্ব্যাক, ফিন এবং মিনক প্রজাতির তিমি আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে।
গবেষকদের ভাষ্যমতে, শীতের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এবং সমুদ্রের বরফ কমে আসায় এই তিমিগুলো নতুনভাবে ওই অঞ্চলে চলে আসছে এবং সেখানে খাদ্যের জোগানও পাচ্ছে। বিশেষজ্ঞরা এটিকে সমুদ্রের ইকোসিস্টেমে একটি বড় পরিবর্তনের লক্ষণ হিসেবে দেখছেন।
তারা আরও জানান, বর্তমান জলবায়ু পরিবর্তনের ফলে শুধু তিমিই নয়, বিভিন্ন মাছের প্রজাতিও পূর্ব গ্রিনল্যান্ডের উপকূলে ছড়িয়ে পড়েছে। এতে ওই অঞ্চলে নতুন খাদ্য ব্যবস্থার সৃষ্টি হয়েছে।
গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ইনস্টিটিউটের প্রধান গবেষক অধ্যাপক ম্যাডস পিটার হাইডে-ইয়োর্গেনসেন এই তিমিগুলোর আগমণকে গুরুত্বপূর্ণ পরিবেশগত পরিবর্তন বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, জলবায়ু পরিবর্তন যেমন কিছু প্রাণীর জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে, তেমনি অনেক প্রজাতির জন্য জীবনের স্থান সংকুচিতও করে তুলছে।
এই গবেষণার ফলাফল 'ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স' সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
