বেলজিয়ামে সাম্প্রতিক সময়ে কিছু নির্দিষ্ট খাতে শ্রমবাজারে চাহিদার ঘাটতি বেড়েই চলেছে। দেশটির শ্রম বিষয়ক সংস্থা ফোরেম-এর তথ্যানুযায়ী, বিশেষ করে নির্মাণ, পরিবহন, নিরাপত্তা এবং প্রযুক্তি খাতে বিপুল পরিমাণ কর্মচারি সংকট দেখা দিয়েছে। এসব খাতে প্রশিক্ষিতরা সাধারণত ছয় মাসের মধ্যেই কর্মসংস্থান পেয়ে যান এবং দুই বছর শেষে প্রতি ১০ জনের মধ্যে ৮ জনই নিয়মিত চাকরিতে যুক্ত হন।
চাহিদার তুলনায় কর্মী সংকট থাকায় অনেক প্রতিষ্ঠান দ্রুত কর্মী নিয়োগে আগ্রহী হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ খালি পদগুলোর মধ্যে রয়েছে ফর্কলিফট চালক, কসাই, গৃহভিত্তিক পরিচর্যা সেবাদানকারী এবং বিভিন্ন নির্মাণকাজের দক্ষ শ্রমিক। উদাহরণ হিসেবে জানা গেছে, দেশের পরিবহন খাতে কাজ করা বহুজাতিক প্রতিষ্ঠান ‘ইউরো-ট্রাফিক’ প্রতি বছর কর্মী নিয়োগের ক্ষেত্রে মূলত ফোরেমের প্রেরিত প্রার্থীদের বাছাই করছে এবং তাদের বেশিরভাগই স্থায়ী চুক্তিতে নিয়োগ পাচ্ছেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জ্যাক লেনোবল জানান, কোভিড-১৯ পরিস্থিতির আগেও শ্রমিক সংকট ছিল এবং সামনে বহু কর্মী অবসরে যাওয়ার কারণে এই সংকট আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ করে ভ্যালোন অঞ্চলে নির্মাণ খাতে কর্মী সংকট সবচেয়ে প্রকট। এখানে বর্তমানে ৩৮ ধরনের পেশাজীবী সংকটাপন্ন হিসেবে তালিকাভুক্ত। এরপরেই রয়েছে শিল্প প্রযুক্তি, স্বাস্থ্য এবং সামাজিক সেবা খাত। চাকরিপ্রার্থীদের জন্য এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রশিক্ষণ গ্রহণ করে দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
