বেলজিয়ামের ফেডারেল অর্থনীতি বিভাগ সম্প্রতি সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটবেলের এক জরিপে দেখা গেছে, ২০২৫ সালে বেলজিয়াতে ৬১ দশমিক ৮৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী সংবাদমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে ভুয়া বা অবিশ্বস্ত তথ্যের মুখোমুখি হচ্ছে। ২০২৩ সালে এই হার ছিল ৫৫ দশমিক ৯৩ শতাংশ, আর ২০২১ সালে ছিল ৫১ দশমিক ৯২ শতাংশ।

বেলজিয়ামি ইন্টারনেট ব্যবহারকারীরা ইউরোপীয় ইউনিয়নের গড়ের তুলনায় অনলাইনে তথ্য যাচাইয়ে বেশি সচেতন। বেলজিয়ামে প্রতি তিনজন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন তথ্যের উৎস যাচাই করেন বা অতিরিক্ত তথ্য অনুসন্ধান করেন। ইউরোপীয় ইউনিয়নজুড়ে তথ্য যাচাইয়ে এগিয়ে আসে প্রতি চারজনের একজন।

বিদ্বেষমূলক বা অপমানজনক কনটেন্টের সংস্পর্শে আসার হারও বেড়েছে। গেলো বছর বেলজিয়ামের ৩৮ দশমিক ০৫ শতাংশ ব্যবহারকারী এসব কনটেন্ট দেখেছেন, ২০২৩ সালে যা ছিল ৩০ দশমিক ৮৬ শতাংশ।

বেলজিয়ামের ডিজিটাল বিষয়ক মন্ত্রী ভেনেসা ম্যাটজ বলেছেন, এই তথ্যগুলো ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সেবা আইনের কঠোর প্রয়োগের গুরুত্ব তুলে ধরে। তিনি আরও জানান, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে; এতে অনলাইনে নিরাপদ পরিবেশ গড়ে তোলা, নাগরিকদের সুরক্ষা এবং গণতান্ত্রিক বিতর্কের মান বজায় রাখা সম্ভব।