বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যৌথভাবে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করেছে ফেডারেল পুলিশ ও শহরের ছয়টি পুলিশ বিভাগ। ফেডারেল পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ফুল ইন্টিগ্রেটেড পুলিশ অ্যাকশন' বা সম্পূর্ণ সমন্বিত পুলিশ অভিযানের আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এই অভিযানে প্রথমবারের মতো সেনা সদস্যদেরও যুক্ত করা হয়েছে। ফেডারেল পুলিশ জানিয়েছে, শহরের নিরাপত্তা জোরদার ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে 'বৃহৎ শহর পরিকল্পনা'র অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের নজরদারিমূলক অভিযান পরিচালিত হয়ে থাকে।

অভিযানে বেলজিয়াম সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুইন্টিনও অংশ নেন। গণপরিবহন কর্তৃপক্ষ ও রেলওয়ে নিরাপত্তা সংস্থা সিকিউরেইলও অভিযানে সহযোগিতা করেছে।

তবে ঠিক কী ধরনের অভিযান চালানো হয়েছে বা এতে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে— সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ফেডারেল পুলিশ।