বেলজিয়ামের ব্রাসেলসে চলতি বছরের প্রথম চার মাসে উড়োজাহাজের শব্দদূষণসংক্রান্ত অনিয়ম আশঙ্কাজনকভাবে বেড়েছে। দেশটির পরিবেশ সংস্থা জানিয়েছে, জানুয়ারি থেকে এপ্রিল ২০২৬-এর মধ্যে ৩ হাজার ৮১৫ বার বিমানের শব্দ নির্ধারিত সীমা অতিক্রম করেছে বলে রেকর্ড করা হয়েছে। নির্ধারিত এই সীমাগুলো বিমান চলাচলের অঞ্চল ও সময়ের ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার প্রায় ৮০ শতাংশই ঘটেছে মলেনবেকে রিবকুর্ট মেট্রো স্টেশনের কাছে অবস্থিত এমএসজে-ভিডিবিজি মাপজোক মেশিনের কাছে। এই অঞ্চলটি বিমানবন্দর থেকে সবচেয়ে দূরে; ফলে মূলত কম উচ্চতায় বা নির্ধারিত বাতাসের স্তরের চেয়ে নিচে নামা উড়োজাহাজই এসব শব্দ সংক্রান্ত অনিয়মের জন্য দায়ী বলে উল্লেখ করা হয়েছে।

শব্দদূষণের এসব অনিয়ম সংশ্লিষ্ট বিমানসংস্থার বিরুদ্ধে প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিবেচনায় আসতে পারে। ইতিমধ্যে সকারবেক, ইভার, বেরকেম-সেন্ট-আগাথ ও সর্বশেষ জেট শহর কর্তৃপক্ষ ব্রাসেলস জাতীয় বিমানবন্দরের একটি নির্দিষ্ট রুট ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে।

এইসব এলাকার বাসিন্দারা জানান, বারবার নিম্ন উচ্চতায় উড়োজাহাজ চলাচল, অতিরিক্ত শব্দ এবং রাতের সময় উড়ানের কারণে প্রতি পাঁচ মিনিট পরপরই মাথার ওপর দিয়ে প্লেন চলে যায় এবং তাতে তাদের জীবনযাপনের মান নষ্ট হচ্ছে।